আরাফাতের পর

আরাফাত ময়দানটি মিনা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ। এই ময়দানে নামিরা মসজিদ থেকে হজের খুতবা দেওয়া হয়। এই খুতবা টিভিতে প্রচার করা হয়। আমাদের তাঁবু যেহেতু মসজিদে নামিরা থেকে অনেক দূরে ছিল, তাই মসজিদের জামাতে আমরা শামিল হতে পারিনি।
নিয়ম হচ্ছে, কেউ মসজিদের জামাতে শামিল হতে না পারলে নিজ নিজ তাঁবুতেই জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন। সে ক্ষেত্রে জোহর ও আছরের নামাজ একত্রে না পড়ে জোহর ও আছরের ওয়াক্তে আলাদাভাবে পড়তে হবে। আমাদের পরবর্তী কাজ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা দেওয়া।
যেহেতু আমরা আরাফাত ময়দানের একপ্রান্তে ছিলাম, তাই ময়দানের মুজদালিফার দিকের প্রান্তে পৌঁছাতে আমাদের পুরো মাঠ পেরোতে হলো। যতই এগিয়ে যাই, দেখি, আমাদের চলার পথ ফাস্ট ফুডের খালি প্যাকেট আর কোমল পানীয়র ক্যানে কার্পেটের মতো ঢাকা পড়ে গেছে।
মাগরিব ও এশার নামাজ আমরা একসঙ্গে আদায় করলাম। আরাফাতের ময়দানে বা আরাফাত থেকে মুজদালিফা যাওয়ার পথে মাগরিবের নামাজের সময় হলেও নামাজ আদায় করা নিষিদ্ধ। মুজদালিফায় পৌঁছার পর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করতে হয়। মুজদালিফার খোলা প্রান্তরে আকাশের নিচে রাত কাটাতে হয়। এই মাঠেও কিছুদূর পরপর বাথরুম রয়েছে। সারা রাতই এসব বাথরুমের সামনে লম্বা লাইন লেগে থাকে। নামাজ আদায় শেষে আমরা আশপাশ থেকে ছোট ছোট পাথর জোগাড় করলাম।
জামারায় শয়তানের উদ্দেশে পরপর তিন দিন ছোড়ার জন্য প্রয়োজনীয় পাথরের টুকরা এখান থেকেই সংগ্রহ করতে হয়। ৭০ টুকরা পাথর জোগাড় করে আমরা শুয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম।
মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। আমরা ফজরের নামাজ আদায় করে দোয়া-দরুদ পড়ে সূর্যোদয়ের কিছু আগে মিনার উদ্দেশে রওনা দিলাম। তাঁবুতে পৌঁছে বিশ্রাম নিয়ে নাশতা সারলাম। বড় জামারায় গিয়ে শয়তানের উদ্দেশে পাথর ছুড়লাম। জামারা হলো মিনা ময়দানের তিনটি স্তম্ভ। এগুলোর নাম জামারাতুল উলা বা ছোট জামারা, জামারাতুল উসতা বা মধ্যম জামারা এবং জামারাতুল কুবরা বা বড় জামারা।
পাথর নিক্ষেপের পরবর্তী কাজ হলো কোরবানি করা। আমরা যেহেতু আগেই কোরবানির টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিয়েছি, তাই আমাদের কোরবানির জন্য নির্ধারিত স্থানে যেতে হলো না। আমরা জামারা থেকে বেরিয়ে মাথা মুণ্ডন করার জন্য নরসুন্দরের দোকানের খোঁজ করলাম।
কয়েক জায়গায় দেখলাম, কিছু হজযাত্রী অর্থের বিনিময়ে অন্যান্য হজযাত্রীর মাথা মুণ্ডন করে দিচ্ছেন।
১০ জিলহজ তাওয়াফে জিয়ারত করার জন্য মক্কার পথে রওনা হলাম। এটি হজের অন্যতম ফরজ কাজ। তাওয়াফ কাবা শরিফের তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। ভিড়ের কারণে হাজরে সওয়াদ স্পর্শ বা চুমু দেওয়া সম্ভব না হলে ইশারায় চুমু দিতে হয়। শুরু করলাম তাওয়াফ। প্রচণ্ড ভিড়। আগে যেখানে আমাদের তাওয়াফ ১৫ মিনিটের মধ্যে হয়ে যেত, সেখানে আজ আমাদের তাওয়াফ করতে লাগল দুই ঘণ্টা। আর সায়ি (সাফা-মারওয়ায় সাতবার আসা-যাওয়া) করতে লাগল আরও দুই ঘণ্টা। এখান থেকে পাথর ছোড়ার জন্য আবার জামারাতে যেতে হবে।
মসজিদুল হারামের চত্বরের একপ্রান্ত থেকে পায়ে চলার একটা পথ জামারার দিকে চলে গেছে। রাস্তাটির বেশির ভাগ অংশই পাহাড়ের বুক চিরে তৈরি করা টানেল। ভেতরে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রয়েছে। মাথার ওপর বিশাল ফ্যানগুলো থেকে বিকট শব্দে বাতাস ছাড়া হচ্ছে। এই টানেল দিয়ে হাঁটার সময় একটু ভয় ভয় লাগা অস্বাভাবিক নয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে এক এক করে ছোট, মধ্যম ও বড় জামারায় সাতটি করে পাথর ছুড়লাম।
হাজিরা মিনায় দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ, যেমন: প্রতিদিন জামারায় তিনটি (ছোট, মধ্যম, বড়) শয়তানকে সাতটি করে পাথর ছুড়বেন। মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন। যাঁরা মদিনায় যাননি, তাঁরা মদিনায় যাবেন। যদিও মদিনায় যাওয়া হজের অংশ নয় ।
প্রতিদিন হাজিদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হয় www.hajj.gov.bd এই ঠিকানায়।
সৌদি আরবের পরিসংখ্যান অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৬ সালে (১৪৩৭ হিজরি) বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজির সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজির সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৫৩৭। ২০১৬ সালে সর্বমোট হাজির সংখ্যা ১৮ লাখ ৬২ হাজার ৯০৯।