আরাফাতের ময়দানেও আল্লাহর দয়া পাব
এহরামের কাপড় পরা তমিজ উদ্দিন ও নাজির সরকার। ৭০ বছর ছুঁই ছুঁই দুই বন্ধু হজে যাচ্ছেন। গত সোমবার আশকোনা হজ ক্যাম্পে তাঁদের বিদায় জানাতে এসেছিলেন স্বজনেরা। খানিক পরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী বাসে উঠবেন। হজে যাওয়ার এই অনুভূতি কেমন লাগছে, জানতে চাইলে তমিজ উদ্দিন বলেন, ‘আল্লাহর দয়ায় রাজশাহী গ্রামের বাড়ি থেকে এসেছি। আশা করি আরাফাতের ময়দানেও তাঁর করুণা পাব।’
এখন তো সৌদি আরবে প্রচণ্ড গরম। হজের দিনও ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। এ কথা বলতে তাঁদের মুখ যেন আরও হাসিতে ফুটে উঠল। নাজির সরকার বলেন, ‘কষ্টের কথা ভাবছি না। ভরসা আল্লাহর দয়া। সেটি থাকলে সব কষ্ট দূর হয়ে যাবে।’
হজ ক্যাম্পে বেশির ভাগ হজযাত্রী জানান যে তাঁরা সৌদি আরব যাত্রার ভিসা, ফ্লাইট শিডিউলসহ আনুষঙ্গিক সবকিছুই সময়মতো হাতে পেয়েছেন। তবে বিকেলে ফ্লাইট ছাড়তে কিছুটা দেরি হয়েছে বলে জানান গাজীপুর জেলা থেকে আসা রহমতউল্লাহ (২৮), আবদুস সামাদ (৪৬) ও মনোয়ার হোসেন (৩৫)। তাঁরা বলেন, সোমবার বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সৌদি আরব রওনা হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানানো হয়েছে যে রাত ৯টা ৫৫ মিনিটে ফ্লাইট। এর কারণ কী, সেটি তাঁদের কাছে অজানা।
সহকারী হজ কর্মকর্তা আবদুল মালেক প্রথম আলোকে বলেন, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করতে যাবেন। গতকাল সোমবার পর্যন্ত ৯৯ হাজার ৭১৭ জন ভিসা পেয়েছেন। বাকিরা সময়মতো ভিসা পেয়ে যাবেন। ইতিমধ্যেই ৭০ হাজার হজযাত্রী সৌদি আরব চলে গেছেন। বাকিরা নির্ধারিত সময়ে যেতে পারবেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, হজের ফ্লাইট শিডিউলের প্রথম দিকে কিছুটা সমস্যা ছিল। এই সমস্যা এখন আর নেই।
উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে ফ্লাইট শুরু হয় ৪ আগস্ট, চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস যৌথভাবে হজ ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ৪ সেপ্টেম্বর হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে যাবে সৌদি এয়ারলাইনস। সৌদি আরব থেকে এই দুটি বিমান সংস্থার ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।