আরাফাতের সন্ধান দাবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের নিখোঁজ শিক্ষার্থী আরাফাত রহমানের (বায়েজিদ) সন্ধানের দাবিতে গতকাল সোমবার দুটি পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই পৃথক মানববন্ধন হয়। এতে চুয়েটের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা নিখোঁজ হওয়া আরাফাত রহমানকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এ ছাড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধনের পর শিক্ষার্থীদের প্রতিনিধিদল অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. ফরিদ উদ্দিনের সঙ্গে দেখা করেন। তিনি প্রতিনিধিদলকে বলেন, ‘আমরা আরাফাতকে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আরাফাতের মুঠোফোন ও ব্যাংক হিসাব নম্বরে অনুসন্ধান চালিয়ে কিছু তথ্য পেয়েছি।’এদিকে, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলামকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘোষণা করেছে চুয়েট কর্তৃপক্ষ। কমিটির অপর দুই সদস্য হলেন গণিত বিভাগের শিক্ষক আশুতোষ সাহা, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আবদুল ওয়াজেদ। চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট সব জায়গায় বিষয়টি জানিয়েছি।’ প্রসঙ্গত, ২৩ মে বিকেলে আরাফাত রহমান চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে অবস্থিত প্রাণ আউটসোর্সিংয়ে (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। এরপর ছয় দিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।