আরিফ নূরের ওপর হামলা তদন্তে ডিবিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী আরিফ নূরের ওপর হামলার ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) তদন্তে নেমেছে। তবে গতকাল পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তদন্তের জন্য ডিবির কাছে লিখিত আবেদন করার পর তাঁরাও তদন্তে নেমেছেন। আশা করা হচ্ছে, শিগগির জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
তবে ওই ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের সংগঠকেরা। গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু গতকাল প্রথম আলোকে বলেন, ‘গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত কর্মীদের ওপর একের পর এক হামলা হচ্ছে। একটি চক্রের পরিকল্পনার অধীনে এসব হামলার ঘটনা ঘটছে। অথচ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত আরিফের হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে না পারার বিষয়টি হতাশাজনক।
গত শুক্রবার রাতে রাজধানীর পরীবাগে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন আরিফ নূর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।
আরিফের ভাই আসাদুজ্জামান বলেন, ‘আরিফ কিছুটা সুস্থ আছেন। ঘটনার ব্যাপারে এখনো কিছু বুঝতে পারছি না। পারিবারিকভাবে আমাদের কোনো শত্রুও নেই। আমরা চাই, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।’