আরিফ নূরের ওপর হামলাকারীদের শনাক্ত করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার দূরের কথা, গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূরের ওপর হামলাকারীদের কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, আক্রোশের কারণে এই হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকেই শনাক্ত করা যায়নি। গণজাগরণ মঞ্চের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, এ ঘটনায় গত শনিবার মামলা হলেও এর তদন্ত কার্যক্রম চলছে ধীরগতিতে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর রূপসী বাংলা হোটেলের সামনে আরিফ নূরের ওপর হামলা চালানো হয়। একটি ব্যক্তিগত গাড়ি থেকে নেমে অস্ত্রধারী কয়েক যুবক আরিফ নূরের মাথায় কুপিয়ে চলে যায়। 

গত শনিবার সন্ধ্যায় এই হামলার জন্য আরিফ নূর নিজেই মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে দায়ী করে শাহবাগ থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা আজ সোমবার দুপুরে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটেনি। আরিফ নূর নিজেই জানিয়েছেন, টাকা ও মোবাইল ফোন থাকলেও হামলাকারীরা গাড়ি থেকে নেমেই তাঁকে কুপিয়ে চলে যায়। তাতে মনে হচ্ছে, ছিনতাই নয়, আক্রোশের কারণে এই হামলা চালানো হয়েছে।’

মাসুদ রানা জানান, হামলাকারী কে বা কারা, এ ব্যাপারে এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুল জানান, সারা দেশে তাঁদের প্রায় ২৫ জন কর্মীর ওপর হামলা হয়েছে। নিহত রাজীব হায়দার ও আরিফ রায়হান দীপ ছাড়া প্রায় সব হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে কেউই গ্রেপ্তার হয়নি।

এদিকে উদীচী শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সঙ্গীতা ইমাম জানান, ঢাকা মেডিকেল কলেজের জরুরি পর্যবেক্ষণ ইউনিটে চিকিত্সাধীন আরিফ নূরের মাথার পেছনে চারটি স্থানে আঘাত করা হয়েছে। আজ তাঁর মাথার ব্যান্ডেজ খোলা হবে। চিকিত্সকেরা জানিয়েছেন, আরিফ এখন শঙ্কামুক্ত।