আরিফকে খুঁজে পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সামিউলকে কে বা কারা কখন কীভাবে হত্যা করল, পুলিশ এখনো তা উদ্ঘাটন করতে পারেনি। শিশুটির মা আয়েশা হুমায়রার কাছ থেকে নতুন কোনো তথ্য পায়নি পুলিশ। আয়েশার প্রেমিক শামসুজ্জামান আরিফকে পুলিশ তিন দিনেও খুঁজে পায়নি।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধারের পর তার মা আয়েশাকে গ্রেপ্তার করে মোবাইল ফোনটি জব্দ করা হয়। ওই মোবাইলে কথা বলার তালিকা ধরে পুলিশ প্রধান সন্দেহভাজন শামসুজ্জামান আরিফের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে। তাঁকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব অভিযান চালাচ্ছে। কম সময়ের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে ওসি জানান।মামলার তদন্তকারী সূত্র জানায়, শুক্রবার রাতে রিমান্ডে আসার পর গভীর রাত পর্যন্ত আয়েশাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বারবার আয়েশা পুলিশকে বলেছেন, তিনি নন, তাঁর প্রেমিক আরিফ এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তিনি হত্যার বিষয়ে কিছু জানেন না। গতকাল সকালেও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কাজী সাহান হক কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেও আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাননি।গত মঙ্গলবার নবোদয় হাউজিংয়ের এ ব্লকের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির সামনে থেকে সাড়ে পাঁচ বছরের খন্দকার সামিউল নিখোঁজ হয়। দুই দিন পর বাসার অন্তত ১০০ গজ দূরে ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রীন উডস স্কুলে নার্সারিতে পড়ত।