আরিফুল ও গউছের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন সর্বোচ্চ আদালত।
গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে আরিফুল ও গউছকে জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল এবং তাঁদের মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের আইনজীবীরা। আদালতে আরিফুল ও গউছের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুল হালিম কাফী ও এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার।
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জি কে গউছ এবং সুনামগঞ্জের দিরাইয়ে জনসভায় বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আরিফুল হক গত ১১ ডিসেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করলে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে ২ জানুয়ারি আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
আইনজীবী সূত্র বলেছে, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা হলে যুবলীগের ১ কর্মী নিহত এবং ২৯ জন আহত হন। ওই ঘটনায় দিরাই থানায় করা মামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়। আর ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।