আরিফুল হক চৌধুরী ইউনাইটেডে ভর্তি

হৃদরোগে আক্রান্ত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে আজ শনিবার সকালে ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় তাঁকে আনা হয়। গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈনুদ্দিন মনজু জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হন আরিফুল হক চৌধুরী। তাত্ক্ষণিকভাবে তাঁকে নগরের কাজীটোলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় আজ সকাল সাতটা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় ঢাকায় নেওয়া হয়। পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক মোমেনুজ্জামানের অধীনে তিনি চিকিত্সাধীন রয়েছেন।
মঈনুদ্দিন মনজু বলেন, ‘চিকিত্সক জানিয়েছেন, আরিফুল হকের হৃৎপিণ্ডে একটি ব্লক ধরা পড়ায় সেখানে একটি রিং লাগানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।’