আরিফুল হককে সমর্থন দিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়েছে বিএনপি। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে এ বিষয়টি দলীয় নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।

সিলেটে মেয়র পদে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও নগরের সাবেক সভাপতি আরিফুল হক ছাড়াও দলের আরও তিন নেতা মনোনয়নপত্র জামা দিয়েছিলেন। অন্যরা হলেন বিএনপির নগরের সহসভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান।

বিএনপি থেকে একক প্রার্থী করার চেষ্টায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী তিন দিনের সিলেট সফর শেষ করে গত বুধবার ঢাকা যান। ওই দিনই বিএনপির চার প্রার্থীকে ঢাকায় ডাকা হয়। বৃহস্পতিবার রাতে তাঁদের সঙ্গে বৈঠক করে আরিফুল হককে দলীয় সমর্থনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। অন্যদের নির্বাচন থেকে সরে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দলীয় সিদ্ধান্ত মোতাবেক অন্যরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন তাঁদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় যোগাযোগ করলে মেয়র প্রার্থী তিনজনের মধ্যে দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিএনপির নগরের সহসভাপতি নাছিম হোসাইন জানান, তিনি সন্ধ্যায় সিলেটে ফিরছেন। অন্যরা ঢাকা থেকে সিলেটের পথে আছেন। নাছিম বলেন, ‘দলের সমর্থন আরিফই পেয়েছেন। বাকিদের সরে যেতে বলা হয়েছে। অন্যদের বিষয়ে জানি না, দল যেহেতু করি, তাই আমি দলীয় সিদ্ধান্ত মানব।’

আরিফুল হক গতকাল দুপুরে ঢাকা থেকে সিলেট ফিরে দেখা করেন গত সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আ ফ ম কামালের সঙ্গে। এরপর তিনি রাত পর্যন্ত নাগরিকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। যোগাযোগ করলে আরিফুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার লড়াই নগরবাসীর উন্নয়নের জন্য। দলীয় সমর্থন পাওয়ায় এখন সেই লড়াইয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

তবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নেতা এহসানুল মাহবুব জুবায়ের মেয়র প্রার্থী হিসেবে এখনো মাঠে আছেন। জানতে চাইলে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সুহেল আহমদ গত রাতে বলেন, ‘আমরা আমাদের অবস্থানে আমরা অনড় আছি।’