আরিফুলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আরিফুলের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আজ সোমবার বিকেলে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এ নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিলেট বিভাগীয় ট্রাইব্যুনালের বিশেষ পিপি (সরকারি কৌঁসুলি) কিশোর কুমার কর আদালতের এ নির্দেশনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নির্দেশনা দিয়ে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
আজ আদালতে মামলার আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ আসামিকে হাজির করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারের জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে ঘটনার প্রায় ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর আদালতে ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। আরিফুল এ মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে কারাবন্দী আছেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অভিযোগপত্র গঠনের দিন আরিফুল হকের অসুস্থতার কথা জানিয়ে তাঁর চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা অথবা দেশের বাইরের কোনো হাসপাতালে পাঠানোর জন্য তাঁর পক্ষের আইনজীবীরা আদালতে আবেদন করেছিলেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে আরিফুলের অসুস্থতার বিষয়ে চিকিৎসকদের প্রতিবেদন দাখিল করতে ওই দিনই কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত।
আদালতের নির্দেশে আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি মেডিকেল বোর্ড। প্রতিবেদনে আরিফুল হকের উন্নত চিকিৎসার মতামত দিয়ে এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিলেট কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে প্রতিবেদনটি আদালতে পৌঁছায়।

আরও পড়ুন