কিবরিয়া হত্যা মামলায় আরিফুলের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।আরিফুলের জামিন প্রশ্নে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ এই আদেশ দেন আদালত। আরিফুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৯ আগস্ট রুল দিয়েছিলেন হাইকোর্ট।
আজ আদালতে আরিফুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। 

পরে আবদুল হালিম কাফি প্রথম আলোকে বলেন, কিবরিয়া হত্যা মামলায় ১৭৬ জনের মধ্যে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁদের বক্তব্যে আরিফুলের জড়িত থাকার বিষয়টি আসেনি। ২০১৪ সাল থেকে আরিফুল কারাগারে আছেন। তিনি অসুস্থ। শুনানিতে এসব যুক্তি দেওয়া হয়েছে। আদালত জামিন দিয়েছেন। তবে একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা থাকায় আরিফুল এখনই মুক্তি পাচ্ছেন না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, আরিফুলকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়।

আরও পড়ুন: