আরিফুলের চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র কারাবন্দী আরিফুল হক চৌধুরীর চিকিৎসায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকসহ সাত সদস্যের মেডিকেল বোর্ড গতকাল সকালে গঠন করে এক দফা পর্যবেক্ষণ করা হয়েছে। তাঁর অসুস্থতার অবস্থা সর্বশেষ পর্যবেক্ষণ শেষে দুপুরে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল বেলা দুইটার দিকে হাসপাতালে গেলে কেবিন-তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সেবিকা জানান, কেবিনে স্থানান্তর হওয়ার পর আরিফুল হক কিছু কথাবার্তা বলতে পারছেন।
কারাবন্দী আরিফুল হক সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে গত সোমবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন।