আরিফুলের জামিন কেন নয়, রুল হাইকোর্টের

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি আরিফুলের জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ আজ মঙ্গলবার এই রুল দেন।
আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. বশির উল্লাহ। পরে বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, আদালত আসামি আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দিয়েছেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আরিফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মায়ের অসুস্থতা বিবেচনায় গত ২২ মার্চ ১৫ দিনের জন্য তাঁকে জামিন দেন হাইকোর্ট। পরে গত ১১ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আরিফুলকে ফের কারাগারে পাঠান।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা করেন। ২০০৫ সালের ২০ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ জনকে আসামি করে হবিগঞ্জ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১১ সালের ২০ জুন সিআইডি দ্বিতীয় পর্যায়ে তদন্ত করে নতুন করে লুৎফুজ্জামান বাবর ও নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৬ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। সর্বশেষ গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে নতুন করে আরিফুল, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ নয়জনকে আসামি করা হয়। সব মিলিয়ে এ মামলায় আসামি হয় ৩২ জন। গত বছরের ১৩ সেপ্টেম্বর আরিফুল হক চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত।
২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হককে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।