আরিফুলের জামিন স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আজ বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

ওই মামলায় ৬ সেপ্টেম্বর হাইকোর্ট আরিফুলের নিয়মিত জামিন মঞ্জুর করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল আবেদনটি করে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। অন্যদিকে আরিফুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন। মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, আরিফুলের জামিন স্থগিত চেয়ে করা আবেদনটি বৃহস্পতিবার (আজ) শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। বিষয়টি বৃহস্পতিবারের কার্যতালিকায় ৫ নম্বর ক্রমিকে রয়েছে।