আরিফুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, চেয়ারে বসলেন রাজশাহীর মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী সিটির মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল l প্রথম আলো
গতকাল নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী সিটির মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল l প্রথম আলো

মামলা-মোকদ্দমা পিছু ছাড়ছে না সিটি মেয়রদের। আরিফুল হক চৌধুরীকে সিলেটের মেয়র হিসেবে স্বপদে ফিরতে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সেটির ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার আবেদনটি চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে ওঠে। আজ বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। এ কারণে মেয়র আরিফুল গতকাল তাঁর দপ্তরে বসেননি। তবে আদালতের আদেশে বাধা কেটে যাওয়ায় গতকাল দপ্তরে বসেন রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের করা পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রুলসহ আদেশ দেন।

এর আগে ২ এপ্রিল আরিফুল হক চৌধুরীর মেয়রের দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মাথায় তাঁকে ফের সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুই বছর তিন মাস পর সেদিন তিনি দায়িত্ব নিয়েছিলেন। সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ এপ্রিল রিট করেন আরিফুল, যার ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন হাইকোর্ট রুলসহ বরখাস্তের আদেশ স্থগিত করেন। এর দুই দিনের মাথায় হাইকোর্টের আদেশ

স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ, যা গতকাল শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরিফুলের পক্ষে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি। পরে অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, ‘আমরা আবেদন করেছি, আমরাই সময় নিয়েছি। শুনানির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন।’

দোয়া পড়ে দপ্তরে ঢুকলেন বুলবুল

তিন দিন আগেও নিজ দপ্তরে ঢুকতে ভালোই ঘাম ঝরাতে হয়েছিল রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে। ভাঙতে হয়েছিল দরজার তালা। চেয়ারে বসেছিলেন মাত্র আট মিনিট। তখনই পান দ্বিতীয় দফার বরখাস্তের আদেশ। তবে গতকাল ফের আদালতের আদেশ নিয়ে দপ্তরে নির্বিঘ্নেই বসলেন তিনি।

ঘড়ির কাঁটায় গতকাল বেলা ১১টা ২০ মিনিটে রাজশাহী নগর ভবনের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে দাঁড়ায়। ফুলে ফুলে ছাওয়া অটোরিকশা থেকে নামেন মোসাদ্দেক হোসেন বুলবুল। ঢোকেন নগর ভবনে। দেখতে পান, তাঁর দপ্তরের প্রধান দরজা হাট করে খোলা।

মোসাদ্দেক হোসেন দপ্তরে আসবেন খবরে গতকাল সকাল থেকেই নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা কৌতূহলী হয়ে ওঠেন। অনেকেই নগর ভবনের জানালাগুলো দিয়ে মুখ বের করে রাস্তার দিকে তাকিয়ে থাকেন। কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীরা ভবনের সিঁড়িতে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন।

ভেতরে ঢুকে মেয়র দোয়া পাঠ করেন। তিনি এ করপোরেশনের ঐতিহ্য ফিরিয়ে আনা ও নগরবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন। চেয়ারে বসে মোসাদ্দেক হোসেন বলেন, আগামী শনিবার সকালে সংবাদ সম্মেলন করে সার্বিক অবস্থা তুলে ধরবেন তিনি।

দপ্তরে বসেননি মেয়র আরিফুল

দ্বিতীয় দফায় বরখাস্তের আদেশের পরদিন সোমবার ঢাকায় গিয়েছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সন্ধ্যায় তিনি সিলেটে ফিরে প্রথম আলোকে বলেন, ‘বরখাস্ত আদেশ স্থগিত হওয়ায় আমি এখন মেয়র। যেহেতু চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, তাই বিষয়টি দেখে নগর ভবনে যেতে চাই। কবে নগর ভবনে যাব, এ নিয়ে আমি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। তারপর নগরের জ্যেষ্ঠ নাগরিকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেব।’

আজ কাজে যোগ দেবেন মেয়র গউছ

হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ আজ বৃহস্পতিবার কাজে যোগ দেবেন। ১২ এপ্রিল সপরিবার পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে তাঁর। তাঁকে হজে যেতে তিন দিনের মধ্যে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ গউছের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল এ আদেশ দেন।

গউছ বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। যদি তিনি সত্যিই অপরাধী হতেন তবে হবিগঞ্জের মানুষ তাঁকে টানা তিনবার মেয়র নির্বাচিত করতেন না। তাঁর বিরুদ্ধে করা কোনো মামলাতেই তাঁর সম্পৃক্ততা নেই। ন্যায়বিচার পেলে এসব মামলা মিথ্যা প্রমাণিত হবে এবং তিনি খালাস পাবেন।

{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও সিলেট; হবিগঞ্জ প্রতিনিধি ও মেহেরপুর সংবাদদাতা}