আরিফুলের মায়ের 'আর্তি'

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযুক্ত আসামি হয়ে কারাবন্দী সিলেট সিটি করপোরেশনের সদ্য সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর মা আমিনা খাতুনের খোলা চিঠির আদলে কথাবার্তা নিয়ে প্রচারপত্র বিলি হচ্ছে সিলেট নগরে। গত বুধবার থেকে এই প্রচারপত্র বিলি শুরু হয়। প্রচারক হিসেবে ‘আরিফুল হক চৌধুরী মুক্তি পরিষদ’ উল্লেখ রয়েছে।
কিবরিয়া হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র গত বছরের ১৩ নভেম্বর হবিগঞ্জের আদালতে দাখিল করলে আরিফুল হকসহ নতুন করে নয়জন অভিযুক্ত হন। ৩০ ডিসেম্বর আরিফুল হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ৭ জানুয়ারি আরিফুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরিফুল কারাগারে যাওয়ার আগে হবিগঞ্জ থেকে সংবাদকর্মীদের একটি ‘চিঠি’ দিয়েছিলেন। ‘মিডিয়া স্টেটমেন্ট’ হিসেবে প্রচার করা ওই চিঠিতে তিনি ‘অসুস্থ মাকে সিলেটবাসীর কাছে রেখে গেলাম...’ বলে উল্লেখ করেছিলেন। বুধবার থেকে বিলি করা প্রচারপত্রের এক পাশে আরিফুলের কারাবন্দী হওয়ার ছবি, অন্যদিকে অসুস্থ মায়ের চিকিৎসাধীন ছবি দেওয়া। ‘এক অসহায় মায়ের করুণ আর্তি’ শিরেনামের খোলা চিঠির শিরোনাম ‘আমার অসুস্থ ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও’। অপর পৃষ্ঠায় কিছু ছবি দিয়ে ‘সিলেটের উন্নয়ন করাই কি মেয়র আরিফের অপরাধ?’ এমন প্রশ্নসূচক জিজ্ঞাসার কথা উল্লেখ রয়েছে।
‘আমি আমিনা খাতুন...’ বলে শুরু করা প্রচারপত্রে লেখা, ‘যারা ভালোবেসে বিগত নির্বাচনে আরিফুল হক চৌধুরীকে মেয়র নির্বাচিত করেছেন আমি তার মা। আজ আমি বড় অসহায়, হৃদয় আমার ভারাক্রান্ত, অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পুত্রের দুশ্চিন্তায় দিশেহারা। শেষ বয়সে এসেও নির্ঘুম রাত কাটছে আমার।’ আরিফুলের অসুস্থতার কথা উল্লেখ করে বলা হয়, ‘দুই-দুইবার সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। সুস্থ হয়ে আমার ছেলে নগরবাসীর জন্য কাজ শুরু করতে না করতেই তার সামনে আবার নতুন বিপদ হাজির হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমার ছেলে এ রকম কোনো অপরাধ করতেই পারে না।...আমার অসুস্থ ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে দিন।’