আরিফের পাশে অনেকে
ভর্তি ফি ১৫ হাজার টাকা, বই কেনাসহ অন্যান্য খরচ জুটবে। এসবের বাইরেও লেখাপড়া শেষ করা পর্যন্ত যাবতীয় খরচ নিয়ে আর ভাবতে হবে না মেধাবী শিক্ষার্থী আরিফ হোসেনকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৪তম স্থান পাওয়া এই কৃতী শিক্ষার্থী ও তাঁর মা-বাবা এক দিন আগেও শিক্ষাব্যয় কীভাবে জুটবে তা নিয়ে সংশয়ে ছিলেন। গতকাল সোমবার প্রথম আলোতে ‘আইনে পড়তে পারবেন আরিফ?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তাঁদের সেই সংশয় কেটে গেছে। কারণ, প্রতিবেদনটি পড়ে দেশ-বিদেশ থেকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান আরিফের পড়ার খরচ দেওয়ার আশ্বাস দেন।
গতকাল দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী রুহেল আলম জানান, প্রতিবেদনটি পড়ে মন্ত্রী মহোদয় আরিফকে ভর্তির খরচ দিতে চেয়েছেন। এ ছাড়া ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পরিচালক ফস্টিনা পেরেরা, সাবেক জেলা জজ সামসুল আলম, ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবিরসহ অনেকেই আরিফকে সহায়তা করবেন বলে জানিয়েছেন। এর পরও কেউ সহযোগিতা করতে চাইলে তাঁর বিকাশ নম্বরে (০১৭৬৭-২২০৬৫৩) টাকা পাঠাতে পারেন।
আরিফ হোসেন বলেন, ‘আজ আর চিন্তা নেই। প্রথম আলোর একটি প্রতিবেদনই হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল।’