আরিফের শঙ্কা কেন্দ্র দখলের কামরানের প্রাণনাশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে এসে সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। প্রধান দুই মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীই এ আশঙ্কার কথা বলেছেন।নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই নগর শান্তই আছে। তবে ভোটের দিন এই নিরাপত্তা থাকবে কি না, সেটা নিয়েই চিন্তিত প্রধান দুই প্রার্থী।ছাত্রলীগ ও ছাত্রদল অতীতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে সিলেটে। নির্বাচন উপলক্ষে পুলিশ অভিযান চালালেও সেই অস্ত্রধারীদের গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধার করতে পারেনি। নগরের তেলিহাওর এলাকার প্রধান নির্বাচনী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নিজের ‘প্রাণনাশের আশঙ্কা’ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার ওপর জঙ্গিরা দুবার গ্রেনেড হামলা করেছে। আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রাণনাশের আশঙ্কাও আছে।’ অন্যদিকে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করে নির্বাচনের দিন ‘ভোটকেন্দ্রগুলো দখল হওয়ার আশঙ্কা’ প্রকাশ করেছেন। সম্প্রতি নগরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে সন্ত্রাসী। যেভাবে অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে, তাতে সেনা মোতায়েন জরুরি। নতুবা ভোটের দিন সুযোগ বুঝে অস্ত্রধারীরা কেন্দ্র দখল করে নিতে পারে। দুই প্রার্থীই আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে বলে দুই প্রার্থীই মনে করছেন। দুই প্রার্থীর এ রকম ‘আশঙ্কা’ প্রকাশের পর গতকাল দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, ‘যে কেউ আশঙ্কার কথা প্রকাশ করতে পারেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে। পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করায় আমরা মনে করি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হবে।’পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটে ভোট গ্রহণের দিন মহানগরে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ভোটের আগের দিন র‌্যাবের নিয়মিত টহলের বাইরেও তিন শতাধিক র‌্যাব সদস্য সাদা পোশাকে মাঠে থাকবেন। ভোটের দিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ প্লাটুন সদস্য টহলে এবং এক প্লাটুন থাকবে রিজার্ভে। এক হাজার ৮০০ আনসার সদস্যও নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রায় চার হাজার পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে র‌্যাব-৯-এর অধিনায়ক রাশেদ সাত্তার বলেন, গত বুধবার থেকে তাঁদের নিয়মিত ও সাদা পোশাকের সদস্যের বাইরে প্রয়োজনে বাড়তি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হবে। পুলিশ জানায়, নির্বাচনকে সামনে রেখে গত ১ মে থেকে নগরের চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং চোরাই ও অবৈধ গাড়ি উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২৮ জনসহ ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৬টি আগ্নেয়াস্ত্র, ছয়টি গুলি, ছয়টি কার্তুজ, দুটি ককটেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ১৯ মে ছাত্রলীগ স্থানীয় এমসি কলেজে এবং ২০১০ সালের ৬ মে ছাত্রদল কোর্ট পয়েন্টে প্রাকশ্যে অস্ত্রের মহড়া দেয়। এই দুই ছাত্র সংগঠনের কোনো অস্ত্রধারীকে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা যায়নি। ওই অস্ত্রও উদ্ধার হয়নি। স্থানীয় ভোটাররা বলছেন, এই অস্ত্রধারীরা সিলেটেই আছেন। ভোটের দিন অস্ত্রধারীরা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন।মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সরকার ওমর ফারুক বলেন, ওই দুই অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ তৎপর আছে।