আরেক আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলায় মশিউর রহমান নামের আরও এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।মশিউর রহমানকে মামলায় আসামি করে তাঁকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে মশিউরের স্ত্রী দেওয়ান মুক্তা আফসানা অংশ নেন। মশিউর জেলার মুখ্য বিচারিক হাকিম শফিউল আজমের আদালতে গত রোববার দুপুরে আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মশিউর সদর উপজেলার অষ্টগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।উপজেলা সদরে গত বছরের ২১ অক্টোবর সন্ধ্যায় দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাত ও দায়ের কোপে খুন হন ইকবাল আজাদ। পরের দিন তাঁর ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুরসহ ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ১৭ ডিসেম্বর মশিউরসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে ২৭ জন আসামি কারাগারে রয়েছেন।