ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামের বিল্লাল হোসেন ও তাঁর তিন ছেলেকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আরেক আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-২)।
গতকাল শনিবার দুপুরে র্যা ব তাঁকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। কামাল নিহত বিল্লাল মিয়ার ভাতিজা ও ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারী মো. লাল মিয়ার (৬৫) ছেলে। নান্দাইল মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ কামালের গ্রেপ্তার হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
২ জুলাই রাতে বিল্লাল মিয়া ও তাঁর তিন ছেলে ফরিদ মিয়া, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হন বিল্লালের স্ত্রী বানেছা আক্তার। ৪ জুলাই রাতে বানেছা ভাশুর লাল মিয়া ও তাঁর দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন এবং দেবর কাজল মিয়ার দুই ছেলে হিরণ মিয়া ও আবুল মিয়াসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করে, ওই হত্যাকাণ্ডে নিহত বিল্লালের পরিবারের সদস্যরাই জড়িত। হত্যাকাণ্ডের পরের দিন গভীর রাতে বাঁশহাটি এলাকার আলী আকবর ও হারুন মিয়া নামের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে ডিবি। জিজ্ঞাসাবাদ শেষে আলী আকবরকে ছেড়ে দিলেও হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিহত বিল্লাল মিয়ার ছোট ভাই কাজল মিয়ার ছেলে হিরণ মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রধান আসামি লাল মিয়াকে গ্রেপ্তার করে র্যা ব। লাল মিয়াকে জিজ্ঞাসাবাদের পর গতকাল তাঁর বড় ছেলে কামালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে র্যা ব। গত বুধবার নান্দাইল থানা থেকে ওই হত্যা মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।