মাদারীপুরের শিবচর উপজেলায় স্কুলছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রানা নার্গাসিকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতে নেওয়া হলে রানা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে এই মামলায় রানা, তাঁর মাসহ পাঁচজন গ্রেপ্তার হলেন।
মাদারীপুর সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে রানাকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
সুমাইয়া ও হ্যাপি জেলার মুস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের অভিযোগ, গত ১৩ আগস্ট স্কুলের পাশে কয়েকজন বখাটে ওই দুই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে। পরদিন এ ঘটনায় সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে মামলার এজাহারে পুলিশ ধর্ষণের কথা উল্লেখ করতে দেয়নি বলে অভিযোগ ওঠে। ঘটনার পর পুলিশ রানার মা সালমা বেগম এবং এজাহারভুক্ত আসামি সিপন শিকদার, রফিকুল ইসলাম ও রকিব সিকদারকে গ্রেপ্তার করে। এঁরা বর্তমানে কারাগারে।
এদিকে ১৩ সেপ্টেম্বর হ্যাপী আক্তারের মা মুক্তা বেগম ধর্ষণের পর হত্যার অভিযোগে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। ওই মামলায় রানাসহ আটজনকে আসামি করা হয়। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মাদারীপুর সদর থানার পুলিশকে নির্দেশ দেন। তবে গতকাল বুধবার পর্যন্ত এ আদেশসংক্রান্ত কাগজপত্র থানায় পৌঁছায়নি বলে পুলিশ জানায়।
মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করলেও ধর্ষণের বিষয়ে কিছু বলেননি রানা। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন