রাজধানীর ভাটারা থানা এলাকায় স্কুলছাত্রী ফারজানা আক্তার হত্যার ঘটনায় আবদুস সালাম নামের আরেক আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার একই ঘটনায় গ্রেপ্তার সৌরভ নামের আরেক যুবককে তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। তবে পুলিশ এখনো পর্যন্ত ঘটনার কোনো কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এদিকে, মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার।
ফারজানা ভাটারার মসজিদ রোড এলাকার সোলমাইদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ওই এলাকার এক বাসায় পরিবারের সঙ্গে থাকত সে। গত সোমবার বিকেলে সে বাসায় শিক্ষকের কাছে পড়ছিল। কিন্তু পেনসিল শেষ হয়ে যাওয়ায় সে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
গত মঙ্গলবার দুপুরে বাসা থেকে আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। গলায় ছিল দাগ। কানে স্বর্ণের দুলও ছিল না। পরিবার ও পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর ওই স্বর্ণের দুলগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার পর জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার ভাটারা এলাকায় বিক্ষোভ মিছিল করে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী। একই দাবিতে গত শুক্রবার সকালে ভাটারা-নতুন বাজারসংলগ্ন সড়কও এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক লোক। তখন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
গতকাল যোগাযোগ করা হলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় সৌরভ ও আবদুস সালামকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। সৌরভকে জিজ্ঞাসাবাদের এক দিন শেষ হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকারই করে যাচ্ছেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই আবুল বাশার বলেন, মামলাটি ডিবিতে স্থানান্তরের জন্য গতকাল শনিবার আদেশ হয়েছে। এখন কাগজপত্র গুছিয়ে তা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।