আরেক আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে কোকেন শনাক্ত হওয়ার ঘটনায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আরেক আসামি। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের খাসকামরায় জবানবন্দি দেন আসামি মোস্তফা কামাল।
এর আগে গত বৃহস্পতিবার এই মামলায় চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফা ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, লন্ডনে বসবাস করা প্রবাসী ফজলু মিয়ার ফুফাতো ভাই আসামি মোস্তফা কামাল। জবানবন্দিতে আসামি স্বীকার করেছেন, ফজলু মিয়া চালানটি খালাসের জন্য মোস্তফা কামালের সঙ্গে ই-মেইলে ও ফোনে আলোচনা করেন। পরে মোস্তফা কামাল তাঁর ভাতিজা আতিকুর রহমানকে নিয়ে চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাসের চেষ্টা করেন। এ ছাড়া চালানটি বাংলাদেশে কীভাবে এসেছে, তার বিস্তারিত বর্ণনা জবানবন্দিতে উল্লেখ করেছেন মোস্তফা কামাল।
গত ৬ জুন পুলিশের তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা করে পুলিশ। পরে আদালত আলামত পরীক্ষার নির্দেশ দিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে তেলের চালানের একটি নমুনায় কোকেন শনাক্ত হয়। এ মামলায় ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জবানবন্দি দেওয়ার পর আবাসন ব্যবসায়ী মোস্তফা কামালকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।