রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিভাগের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, কাজী মামুন হায়দারসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাঁরা সিফাত হত্যার বিচার দাবি করেন।
এর আগে বেলা ১১টায় মামলার আসামি সিফাতের শাশুড়ি নাজমুন নাহারের জামিন আবেদন মঞ্জুর করেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মনসুর আলম।
রাজশাহী আদালতের আইনজীবী হামিদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নাজমুন নাহার। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। এর আগে দীর্ঘ আট মাস পলাতক থাকার পর ২০ অক্টোবর সিফাতের শ্বশুর আইনজীবী মোহাম্মদ হোসেন রমজান আত্মসমর্পণের পর জামিন পান।
গত ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরের বাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার চার দিন পর তাঁর চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যার অভিযোগ এনে মামলা করেন। এতে সিফাতের স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করা হয়। আসিফ কারাগারে রয়েছেন।