নারায়ণগঞ্জ সদর উপজেলায় মেয়েকে তুলে নিতে বাধা দেওয়ায় বাবা মণীন্দ্র চন্দ্র অধিকারীকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে এ জবানবন্দি নেওয়া হয়।
এ নিয়ে গ্রেপ্তারকৃত তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। গত শনিবার একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবু ও মনিরুল ইসলাম। গতকাল দিলেন তানভীর।
১৫ মার্চ রাতে সদর উপজেলার ফতুল্লার রঘুনাথপুর এলাকায় মেয়েটির বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পলাতক রয়েছেন প্রধান আসামি তুহিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, আদালতে জবানবন্দি দেওয়ার আগে পুলিশ রিমান্ডে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত আসামিরা। সেখানে তাঁরা স্বীকার করেন, ফতুল্লার রঘুনাথপুরের ওই স্কুলছাত্রীকে তুলে নিতে ঢাকার গেন্ডারিয়া ধূপখোলা থেকে দুটি মাইক্রোবাস ভাড়া করে নিয়ে আসেন আসামিরা। রঘুনাথপুরে আসার আগে তাঁরা ঢাকার পোস্তগোলার একটি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করেন। প্রধান আসামি তুহিনের সঙ্গে মেয়েটির যোগাযোগ ছিল। কিন্তু দুজনে ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় মেয়েটি একপর্যায়ে তুহিনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ কারণে তুহিন সহযোগীদের নিয়ে মেয়েটিকে গভীর রাতে তুলে নেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু এতে বাধা দিলে মেয়েটির বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
গ্রেপ্তারকৃত দুই মাইক্রোবাসচালক নজরুল ইসলাম ও মনিরুল ইসলাম সহোদর। এর মধ্যে মনিরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা সবাই ঢাকার জুরাইন ও শ্যামপুর এলাকার।