আরেক আসামী গ্রেপ্তার, এসআই প্রত্যাহার

সিলেটের শিশু সামিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৩৫) আজ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে অর্থের বিনিময়ে সামিউল হত্যার আসামি কামরুলকে পালাতে সহায়তা করা এবং সামিউলের বাবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠায় জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
ময়নার গ্রেপ্তার প্রসঙ্গে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, ঘটনার পর থেকে ময়না পলাতক ছিলেন। তিনি বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে সর্বশেষ সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজারের পেছনে একটি বাড়িতে আশ্রয় নেন। আজ রাত সাড়ে ১০টার জালালাবাদ থানা-পুলিশের একটি দল ময়নাকে সেখান থেকে গ্রেপ্তার করে।
ময়না মিয়ার বাড়ি জালালাবাদ থানা এলাকার পীরপুর গ্রামে। তিনি সামিউল হত্যার ঘটনাস্থলের বিপণিবিতানে চৌকিদারের দায়িত্ব ছিলেন। অভিযোগ রয়েছে, ‘চোর’ সন্দেহে সামিউলকে ময়নাই আটক করেছিলেন। পাশাপাশি তাকে বেধে নির্যাতন করার ক্ষেত্রে তাঁর বড় ভূমিকা রয়েছে। সামিউলকে নির্যাতনের ভিডিওচিত্রেও দেখা গেছে, ময়না সামিউলকে ধরে খুঁটির সঙ্গে বেধেছেন।
এদিকে সামিউলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রাতে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোক নিশ্চিত করেছেন। মামলার সুষ্ঠু তদন্তে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
এসআই আমিনুল সামিউল হত্যা মামলার বাদী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তিনি অর্থের বিনিময়ে আসামি কামরুলকে পালাতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘটনার দিন রাতে সামিউলের বাবা মামলার বাদী পরিবর্তন করতে জালালাবাদ থানায় গেলে এসআই আমিনুল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তাঁকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।