
রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুরে পুলিশি হেফাজতে শামীম সরকার (৩২) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার আসামি সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গাবতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া শামীম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গত বুধবার রাতে শামীম হত্যার ঘটনার পর আকিদুল গা ঢাকা দিয়েছিলেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।মোস্তফা কামাল আরও জানান, আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এবং সাভার থানার কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলীকে গতকাল আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলামকে গতকাল আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। সাইফুল নিহত শামীমের ফুফাতো বোনের ছেলে। গত বুধবার রাতে তাঁদের দুজনকে একসঙ্গে আটক করে পুলিশ। এরপর পুলিশের দাবি অনুযায়ী ২০ লাখ টাকা না দেওয়ায় তাঁদের সাভারের চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয় এবং এর ফলেই শামীমের মৃত্যু হয় বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নিহত শামীমের ভাই আমিন সরকার সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় এসআই এমদাদুল হক, এএসআই আকিদুল ইসলাম এবং কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলীকে আসামি করা হয়। এর আগেই আকিদুল ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। আকিদুল ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন। এ ছাড়া সাভার থানার এসআই সাজ্জাদ রোমন, এএসআই আকিদুল ও আশুলিয়া থানার এসআই এমদাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নিহত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানাজায় অংশ নেন। জানাজা শেষে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশের অভিযুক্ত সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় নেওয়া হবে।
এদিকে জানাজা শেষে বিক্ষুব্ধ শতাধিক জনতা স্থানীয় চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তারা পিছু হটে। ঘটনার পর গত বৃহস্পতিবার সকালেই ওই ফাঁড়ি থেকে সব পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়।
নিহত শামীমের বাবা হালিম সরকার প্রথম আলোকে বলেন, ‘শুধু টাকার জন্যই পুলিশ আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে।’
ঘটনার তদন্তে গঠিত একটি তদন্ত দলের প্রধান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার থেকেই তদন্ত শুরু হয়েছে। গতকালও সংশ্লিষ্ট পুলিশ সদস্যসহ সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার (আজ) থেকে নিহত শামীমের স্বজনসহ স্থানীয় ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হবে।