আরেক কলঙ্কময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে আরেক শোকাবহ ও কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক জাতীয় চার নেতাকে ঘাতক চক্র হত্যা করে। কারাগারের নিরাপদ আশ্রয়ে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
প্রতিবছরের মতো আজ মঙ্গলবারও জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতীয় চার নেতাকে। তাঁরা হলেন: স্বাধীন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান।
নির্মম ও কলঙ্কজনক এই ঘটনার বিচারকাজ শেষ হয়নি এখনো।
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করবে। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী শক্তি জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে সমৃদ্ধ বাংলাদেশ গঠন তথা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। এটাই হোক জেলহত্যা দিবসে সবার অঙ্গীকার।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, মানবতা ও গণতন্ত্রের ইতিহাসে ৩ নভেম্বর একটি কলঙ্কিত দিন। তিনি বলেন, দেশবাসী মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে গণতন্ত্র ও আইনের শাসন এবং উন্নয়নকে সমুন্নত রাখবেন।
কর্মসূচি: জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি নিয়েছে। আজ ভোর ছয়টায় বঙ্গবন্ধু ভবন, দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল পৌনে আটটায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। রাজশাহীতে জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত।
জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে জনসভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে জেলহত্যা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি পালনের জন্য দল ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে কর্মসূচি নিয়েছে।