আরেক গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের মৌগাঁও গ্রামে হেলেনা আক্তার (১৯) নামের আরেক গৃহবধূকে শ্বশুরবাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। হেলেনা গ্রামের মোস্তাফিজুর রহমানের (৩২) স্ত্রী।

প্রতিবেশী এক নারী গতকাল সোমবার সকালে বাড়ির পাশের শৌচাগারের ট্যাংকে একটি লাশ দেখে লোকজনকে জানান। পরে গ্রামবাসী থানায় খবর দেয়।

খবর পেয়ে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান, পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ সময় তাঁরা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি জব্দ করেন। তাঁরা ওই বাড়ির মিশু (২০), রিমু (১৭) ও শিমু (১৫) নামের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

হেলেনার বাবা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘ঘটনার পর আজ সকালে (গতকাল) মোস্তাফিজুর রহমান আমার শিশুপুত্রকে (৫) মোটরসাইকেলে করে আমাদের বাড়ির কাছে রেখে গেছেন। যারা আমার মেয়েকে খুন করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওসি বজলুর রহমান বলেন, থানায় আনা তিনজন কিশোরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এর আগে গত শনিবার রতনপুর গ্রামের নববধূ মারুফাকে গলা কেটে হত্যা করা হয়।