আরেক চীনা নাগরিক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার মামলায় আরেক চীনা নাগরিককে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এই আদেশ দেন। ওই চীনা নাগরিকের নাম জেন জু।
এর আগে এ মামলায় গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা অপর চীনা নাগরিক জু জিয়ানহুইকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলায় প্রথমে গ্রেপ্তার হওয়া জু জিয়ানহুই ১৫ মে ঢাকায় আসেন। ঢাকায় থাকা আরেক চীনা নাগরিক জেন জু তাঁকে বিমানবন্দর থেকে তাঁর উত্তরার বাসায় নিয়ে যান। এরপর তাঁরা যোগসাজশ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে এটিএম বুথে ঢুকে জালিয়াতি করে টাকা তুলতে শুরু করেন। জেন জু আশ্রয়দাতা হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে আসার ব্যাপারে তাঁদের কী উদ্দেশ্য, তা বলেননি। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আবেদনে বলা হয়। শুনানি শেষে আদালত আসামিদের এক দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
মামলার প্রাথমিক বিবরণ অনুযায়ী, ১৮ মে নিউমার্কেট থানা এলাকার বাটা সিগন্যাল মোড়ে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে জু জিয়ানহুই ৬৬ হাজার টাকা তোলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই বুথের নিরাপত্তারক্ষী তাঁকে আটক করেন। পরে নিরাপত্তাকর্মী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ র্যাবকে খবর দেয়। র্যাব এসে তাঁকে আটক করে।