আরেক ছাত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদকে খুনের ঘটনায় গ্রেপ্তার অপর ছাত্রীও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুদ্দিন মাসুম ওই ছাত্রীর জবানবন্দি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার যে ছাত্রী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, গতকাল তাঁর বান্ধবী ও কলেজের সহপাঠী জবানবন্দি দেন। ওই দুই ছাত্রী শিক্ষক খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই ছাত্রীর দেওয়া জবানবন্দি প্রায় অভিন্ন।গত ২১ মার্চ বিকেলে শিক্ষক মো. হারুন-অর-রশিদ কলেজ থেকে বাসায় যাওয়ার পথে সিলেট মহানগরের গৌড়গোবিন্দ টিলার কাছে ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় শিক্ষকের শ্যালক আল আজিজ চৌধুরী বাদী হয়ে ২২ মার্চ কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গত ২৮ মার্চ রাতে র‌্যাব সদস্যরা শিক্ষক খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রীসহ পাঁচজনকে আটক করে। তবে শিক্ষক খুনের মূল হোতা এক ছাত্রীর প্রেমিক কাওসার আহমদকে গতকাল রাত পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।