রাজধানীর বাজারে আরেক দফা বাড়ল ছোলার দাম। কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে ভালো মানের ছোলা ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে কারওয়ান বাজারের খুচরা দোকানগুলোতে।
ছোলার পাশাপাশি চিনি ও ব্রয়লার মুরগির দামও কিছুটা বেড়েছে। কমেছে রসুন ও আটার দাম। মোটা দাগে অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে পবিত্র রমজান মাসের আবহ আসার আগেই ছোলার দাম বাড়তে শুরু করেছিল। কেজিপ্রতি ৬০ টাকা থেকে বেড়ে হয়েছিল ৭৫ থেকে ৮০ টাকা। গত সপ্তাহে আরেক দফা দাম বেড়েছে। এখন সবচেয়ে ভালো মানের ছোলা ৯৫ টাকা ও সাধারণ মানের ছোলা কেজিপ্রতি ৮০ টাকায় মিলছে।
কারওয়ান বাজারের কমলা ট্রেডিং নামের একটি দোকানের বিক্রেতা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সব ধরনের ডালের দামই চড়া। এর মধ্যে ছোলার দাম একটু বেশি হারে বাড়ছে। গত বছর রোজায় ছোলা ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এ বছর তা ৩০ টাকার মতো বেশি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক বছরে ছোলার দাম বেড়েছে ৫০ শতাংশ।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের দ্রব্যমূল্য মনিটরিং সেলের হিসাবে দেশে বছরে ৬০ হাজার টন আস্ত ছোলার প্রয়োজন হয়। যার সিংহভাগ লাগে রমজান মাসে। পাইকারি ব্যবসায়ীরা বলেন, এ বছর অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলার মান তেমন একটা ভালো নয়। মিয়ানমার থেকে ভালো মানের ছোলা এসেছে। সেটার দামই এখন বেশি।
পাইকারি ডাল ব্যবসায়ী নেসার উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ১০-১২ দিন আগে পাইকারি বাজারে ছোলার দাম কেজিপ্রতি ৮০ টাকা থেকে বেড়ে ৯০ টাকায় উঠেছিল। এরপর বাজার স্থিতিশীল আছে।
নেসার উদ্দিন বলেন, ‘এ বছর সব দেশেই ডালের দাম বেশি। এ কারণে দেশেও বিভিন্ন ধরনের ডালের দাম বাড়তি।’
হঠাৎ করে বেড়ে যাওয়া চীনা রসুনের দাম দ্রুতই কমেছে। গত সপ্তাহে এক দিনে চীনা রসুনের দাম কেজিতে ৭০ টাকা বেড়ে ২৫০ থেকে ২৭০ টাকায় উঠেছিল। বিষয়টি পর্যালোচনার জন্য সরকার রসুন ব্যবসায়ীদের নিয়ে একটি সভা করে। এরপর দাম কমতে কমতে এখন কেজিপ্রতি ২০০ টাকায় নেমেছে কারওয়ান বাজারে। দেশি রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। গত এক সপ্তাহে এ দাম হেরফের হয়নি।
ব্রয়লার মুরগির দাম বেড়েছে। কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে তা ১৬৫ থেকে ১৭০ টাকায় উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, পবিত্র শবে বরাত ঘনিয়ে আসায় মুরগির চাহিদা বাড়ছে। এ কারণে দামও বাড়ছে।
বেশ কিছুদিন ধরে কারওয়ান বাজারে চিনি ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন সেটা ৫৪ টাকায় উঠেছে। তবে আটার দাম কেজিতে দুই টাকা কমেছে। প্রতি দুই কেজির প্যাকেটে চার টাকা কমে আটা বিক্রি হচ্ছে ৫৬-৫৮ টাকা দরে। অবশ্য মোড়কে এখনো ৬৬ টাকা দর লেখা আছে বলে জানান কমলা ট্রেডিংয়ের বিক্রেতা কামরুল ইসলাম।