আরেক পরিবারে কান্নার রোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার হরতাল চলাকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলায় নিহত হন পুলিশ সদস্য তোজাম্মেল হোসেন (৪৮)। গত শুক্রবার রাতে গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।শুক্রবার রাত আটটায় তোজাম্মেল হোসেনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁর স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের স্ত্রী আরেফা বেগম আহাজারি করে বলেন, ‘এখন আমার ছেলেমেয়েকে কে দেখবে? তাদের লেখাপড়ার খরচ কে চালাবে? আমার স্বামীর আশা ছিল বড় ছেলেকে চিকিৎসক বানাবেন। হরতালের কারণে নরপশুদের হাতে আমার স্বামীকে জীবন দিতে হলো। তাঁর সব আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল।’ একপর্যায়ে তিনি মূর্ছা যান। নিহত পুলিশ সদস্যের বৃদ্ধ মা কছিরন বেওয়া বলেন, ‘হে আল্লাহ! তুমি আমার ছেলের জীবন ভিক্ষা দাও।’ নিহত তোজাম্মেল হোসেন রহমতচর গ্রামের মৃত আনছার আলীর একমাত্র ছেলে ছিলেন। ১৯৮৪ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।