আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী আইএসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব লন্ডন থেকে গত ডিসেম্বরে যে স্কুলছাত্রী সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়েছিল, সেও বাংলাদেশি বংশোদ্ভূত। ১৫ বছর বয়সী ওই কিশোরীর নাম শারমিনা বেগম। ক্যানসারে মায়ের মৃত্যুর পর সে আইএসের জালে জড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তিন কিশোরীকে তুরস্কের সিরিয়া সীমান্ত পাড়ি দিতে সহায়তা দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।
ব্রিটিশ পুলিশের ধারণা, সম্প্রতি সিরিয়ায় পাড়ি দেওয়া তিন স্কুলছাত্রী শারমিনার প্ররোচনার শিকার। এই তিন ছাত্রীর মধ্যে শামীমা বেগম (১৫) ও খাদিজা সুলতানা (১৬) বাংলাদেশি বংশোদ্ভূত। অন্য ছাত্রী আমিরা আবাসি (১৫) ইথিওপীয়। চারজনই স্থানীয় বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী। তারা পরস্পর ঘনিষ্ঠ ছিল।
গতকাল শনিবার ডেইলি মেইল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে শারমিনার বাবা মোহাম্মদ উদ্দিন (৩৮) বলেন, তাঁর মেয়ে শারমিনা আর দশটা কিশোরীর মতোই প্রাণোচ্ছল ছিল। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সে। কিন্তু ক্যানসারে আক্রান্ত হয়ে তার মা মারা যাওয়ার পর থেকে বিষণ্ন হয়ে পড়ে। এ সময়ের মধ্যে শারমিনার সঙ্গে উগ্রবাদীদের যোগাযোগ হয়। এরপর তার চলাফেরায় পরিবর্তন দেখা যায়। গত ডিসেম্বরে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর ফোন করে শারমিনা জানায়, সে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে। আর কখনো বাড়ি ফিরবে না। মোহাম্মদ উদ্দিন আরও বলেন, দুই নারী শারমিনাকে সিরিয়া যেতে সহায়তা দিয়েছিল বলে পুলিশ তাঁকে জানিয়েছিল।
এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভুসোগলু গত শুক্রবার জানান, গ্রেপ্তার হওয়া যুবক একজন সিরীয় নাগরিক। তিনি আইএসবিরোধী মার্কিন জোটের পক্ষভুক্ত একটি দেশের গুপ্তচর।
তবে তুরস্কের অ্যা হাবির টেলিভিশনে তিন ব্রিটিশ কিশোরীর তুরস্ক সীমান্ত পাড়ি দেওয়ার একটি গোপন ভিডিওচিত্র সম্প্রচার করা হয়। এতে বলা হয়, তাদের সহায়তা দেওয়ার অভিযোগে মোহাম্মদ আল রাশেদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কানাডার গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে কাজ করছিলেন।