আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা মামলায় আরেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন বলে সংস্থাটির জনসংযোগ বিভাগ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যবসায়ীর নাম মো. সাবির হোসেন। তিনি এআরএসএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক। গত বছরের ২২ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এর আগে বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দুদক। তাঁরা হলেন এমারেল্ড ড্রেসেস লিমিটেডের সৈয়দ হাসিবুল গণি, এশিয়ান শিপিং বিডির প্রোপ্রাইটর মো. আকবর হোসেন ও ফারসি ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরী।

বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও তাঁকে বাদ দিয়েই গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। ৫৬ মামলায় মোট আসামি ১২০ জন। আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ১১ জন সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাকি ব্যক্তিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক। মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।