জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী আরেকটি মামলায় গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় আসামি মুফতি জসীমকে আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন জানান। ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজার রহমান তাঁর খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জবানবন্দিতে মুফতি জসীম নিজেকে কোনো অপরাধে জড়িয়ে কিছু বলেননি। তিনি বলেন, তিনি রাজধানীর বছিলায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসায় তিনি ইসলামের বিভিন্ন দিক নিয়ে বয়ান করতেন। ওই সময় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র তাঁর মাদ্রাসায় যাওয়া-আসা করতেন। এতে তাঁদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে।
আনসারুল্লাহর প্রধান বলেন, ইসলাম ধর্ম অবমাননাকারী এবং আল্লাহ ও রাসুল (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের ইসলামে শাস্তির বিধান কী এবং এ বিষয়ে করণীয় নিয়ে তিনি বই লিখেছেন। তিনি প্রতি শুক্রবার মসজিদে জুমার খুতবা দিতেন। খুতবায় নিজের লেখা বই উন্মুক্ত তরবারীতে উল্লেখ করা ইসলাম অবমাননাকারীদের শাস্তির বিষয়ে বয়ান করতেন।
জবানবন্দিতে মুফতি জসীমউদ্দিন রাহমানী আরও বলেন, সেনাবাহিনীতে বিদ্রোহের চেষ্টায় অভিযুক্ত ও পলাতক মেজর জিয়াউল হকের সঙ্গে তাঁর পরিচয় ছিল। রাজধানীর মোহাম্মদপুরের একটি ওষুধের দোকানে তাঁদের পরিচয় হয়েছিল।
গত ১২ আগস্ট বরগুনায় গোপন বৈঠক করাকালে ৩০ অনুসারীসহ মুফতি জসীমকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। পরে তাঁকে ব্লগার রাজীব হত্যা মামলা ও ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলায় এর আগে মুফতি জসীম আদালতে জবানবন্দি দেন।