জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার পোশাক ব্যবসায়ী এনামুল হক আরেকটি মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রাম আদালত ভবনে বিচারিক হাকিম বেগম ফারহানা ইয়াছমিনের খাসকামরায় তিনি জবানবন্দি দেন।
চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে এনামুল হক বিচারকের খাসকামরায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি সানজিদা এন্টারপ্রাইজ নামের একটি হিসাব নম্বরে ১৬ লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করেন। হিসাব নম্বরটি ‘শহীদ হামজা ব্রিগেডের’ সদস্য মনিরুজ্জামানের।
আসামির আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী জানান, এনামুলকে পোশাক সরবরাহের জন্য ১৬ লাখ টাকা দিয়েছিলেন এক ব্যক্তি। পরে কার্যাদেশটি বাতিল করা হলে ওই ব্যক্তির কথামতো ১৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়। এতে বোঝা যায়, এনামুল জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত নন।
৫ সেপ্টেম্বর ঢাকার তুরাগ থানার তালতলা এলাকা থেকে এনামুল হককে গ্রেপ্তার করে র্যা৬ব-৭। পরদিন বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় র্যােব। পরে এই মামলায় বাঁশখালী আদালতে তিনি জবানবন্দি দেন।
তিন আইনজীবীর জামিন শুনানি রোববার: তিন আইনজীবী শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীর জামিন আবেদনের শুনানি আগামী রোববার ধার্য করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, হাটহাজারী ও বাঁশখালী থানার মামলায় আদালতে তিন আইনজীবীর দেওয়া জবানবন্দির কপি মামলার নথির সঙ্গে ছিল না। তাই জামিন আবেদনের শুনানি হয়নি। ওই কপিগুলোসহ আগামী রোববার শুনানি হবে।