আরেক মামলায় আসাদুজ্জামানের জবানবন্দি
দুর্নীতির অভিযোগে করা আরেকটি মামলায় রাষ্ট্রীয় মালিকানাধীন মুঠোফোন অপারেটর টেলিটকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আসাদুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ জবানবন্দি দেন।মহানগর হাকিম রেজাউল করিম তাঁর খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসাদুজ্জামানের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এ নিয়ে আসাদুজ্জামান তিনটি মামলায় দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করে জবানবন্দি দিলেন। তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী থাকাকালে আসাদুজ্জামানের বিরুদ্ধে ভিওআইপি দুর্নীতির অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আন্তর্জাতিক কল থেকে ২০৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৫ নভেম্বর তাঁর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মোট ছয়টি মামলা করে দুদক। গত ১৩ ডিসেম্বর বিকেলে গুলশানে অবস্থিত টেলিটকের প্ল্যানিং বিভাগের কার্যালয় থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে দুদক।ছয় দিনের রিমান্ড মঞ্জুর: এদিকে দুর্নীতির অভিযোগে রমনা থানায় করা দুটি মামলায় গতকাল আসাদুজ্জামানের তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে শুনানি শেষে মহানগর হাকিম মনিরুজ্জামান এই আদেশ দেন।