আরেক মামলায় জঙ্গি দম্পতির রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার এক দম্পতির আরেক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিরা হলেন জহুরুল হক ওরফে জসীম ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, দুই মামলায় ১২ দিনের রিমান্ড শেষে জঙ্গি দম্পতিকে গতকাল আদালতে হাজির করে সীতাকুণ্ড থানার পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব মিলকী আদালতে দেওয়া প্রতিবেদনে বলেন, জঙ্গি দম্পতি সঠিক নাম-ঠিকানা গোপন করে একেক জায়গায় একেক নাম ধারণ করে অবস্থান করতেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

কোর্ট পরিদর্শক জানান, সীতাকুণ্ড থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় জঙ্গি দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আদালতে ওই দম্পতির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

১৫ মার্চ সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জহুরুল হক ও রাজিয়া সুলতানাকে।