আরেক মামলায় জামিন পেলেন দুই আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার দুই আইনজীবী হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন। তাঁরা হলেন মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরী। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক নুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। একই আদালত থেকে গত রোববার তাঁরা বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলাতেও জামিন পেয়েছেন।
জামিন পাওয়া দুই আইনজীবী বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তাঁদের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারাগার থেকে মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানান তাঁদের আইনজীবী আবদুস সাত্তার।
গত ১৮ আগস্ট ঢাকা থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক শাকিলা ফারজানা, মো. হাছানুজ্জামান ও মাহফুজ চৌধুরীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত মাসে শাকিলার জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আইনজীবীর জামিনের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালতকে জানানো হয়, এ মামলায় গ্রেপ্তার জঙ্গি মনিরুজ্জামানের স্বীকারোক্তিতে জঙ্গি অর্থায়নের সঙ্গে তাঁদের জড়িত থাকার তথ্য রয়েছে। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামিদের আইনজীবী আবদুস সাত্তার বলেন, দুই আইনজীবী জঙ্গিদের সঙ্গে কোনো অর্থ লেনদেন করেননি। তাঁরা মক্কেলদের কাছ থেকে মামলা পরিচালনার জন্য টাকা নিয়েছিলেন।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ জাহেদুল আলম বলেন, দুই আইনজীবীর জামিননামা কারাগারে এসে পৌঁছেছে। এগুলো যাচাই-বাছাই করে তাঁদের কাল (আজ মঙ্গলবার) মুক্তি দেওয়া হবে।