আরেক মামলায় জামিন পেলেন মাহ্ফুজ আনাম
রংপুর ও যশোরের পর এবার মাগুরায় মানহানির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। গতকাল মঙ্গলবার মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে হাকিম ইমতিয়াজুল ইসলাম তা মঞ্জুর করেন।
জামিন আবেদনের পাশাপাশি মাহ্ফুজ আনাম এদিন এ মামলার দায় থেকে মুক্তির জন্য পৃথক আবেদন করেন। হাকিম আবেদনটি গ্রহণ করে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেছেন।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম) আদালতে ওই মামলা করেছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। তাঁর বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এটি করা হয়। ওই দিনই হাকিম ইমতিয়াজুল ইসলাম বাদীর জবানবন্দি শুনে মামলাটি আমলে নেওয়া ও আদেশের বিষয়ে গতকাল দিন ধার্য করেছিলেন। ইতিমধ্যে ২২ ফেব্রুয়ারি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।
মাহ্ফুজ আনাম গতকাল বেলা সাড়ে ১১টায় আদালতে উপস্থিত হন। মামলার বিষয়ে বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তাঁর জামিন মঞ্জুর এবং মামলার দায় থেকে তাঁকে মুক্তি দেওয়া বিষয়ে দাখিল করা আবেদনটি গ্রহণ করেন বিচারক।
গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়। মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ পর্যন্ত ৭৮টি মামলা হয়েছে। বেশির ভাগ মামলার অভিযোগ প্রায় একই রকম। এগুলোর বাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা ও তাঁদের সমর্থক আইনজীবীরা।
চুয়াডাঙ্গায় মামলার আদেশ হয়নি: চুয়াডাঙ্গায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলায় গতকাল কোনো আদেশ দেননি আদালত। অভিযোগের পক্ষে এদিন প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি উপস্থাপিত না হওয়ায় আদেশ দেওয়া হয়নি।
মামলার বাদী জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিগগিরই প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করা হবে।
গত ২২ ফেব্রুয়ারি শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানার আমলি আদালতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে এ মামলা করেছিলেন। মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক এটি আমলে নিয়ে গতকাল আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।