আরেক মামলায় ডিপজলের দুই দিনের রিমান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গত ২৭ জুনের হরতালে গাড়ি পোড়ানোসংক্রান্ত পল্টন থানার একটি মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন গতকাল সোমবার ডিপজলের জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া জুনের হরতালে গাড়ি পুড়ানোসংক্রান্ত মিরপুর থানার একটি মামলায় আরেক আদালতে হাজির করে ডিপজলের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে ট্রাফিক পুলিশের কনস্টেবলকে মারধরের ঘটনায় করা মামলায় গত রোববার ডিপজল আদালত থেকে জামিন পান। ওই দিনই কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে পুলিশ আবার তাঁকে গ্রেপ্তার করে।