আরেক মামলায় তিন আইনজীবীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবী গতকাল বুধবার চট্টগ্রামের আদালতে জবানবন্দি দিয়েছেন। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের খাসকামরায় হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁরা জবানবন্দি দেন। এর আগে গত রোববার বাঁশখালী থানার মামলাতেও তাঁরা জবানবন্দি দেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, জবানবন্দিতে শাকিলা বলেছেন, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মামলা পরিচালনার জন্য তিনি টাকা নিয়েছেন। কিন্তু মামলায় না লড়ায় টাকা ফেরত দেন। উসমান আমিন নামের এক মক্কেল শাকিলাকে টাকাগুলো দিয়েছিলেন। পরে উসমানের কথামতো মনিরুজ্জামান নামের এক ব্যক্তির হিসাব নম্বরে টাকা ফেরত দেন। এতে দোষের কিছু নেই। মনিরুজ্জামানকে শাকিলা চেনেনও না। বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি মামলায় দেওয়া জবানবন্দিতে শাকিলাসহ তিন আইনজীবী জঙ্গিদের অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করেননি। তবে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘হেফাজতের মামলা পরিচালনার জন্য হেফাজত সাংগঠনিকভাবে শাকিলাকে কোনো টাকা দেয়নি এবং ফেরতও নেয়নি।’
১৮ আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে তিন আইনজীবীকে জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করে চট্টগ্রামের র্যাব-৭। পরদিন সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক নতুন জঙ্গি সংগঠনের জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে গ্রেপ্তার হওয়া তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে আইনজীবী শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ টাকা করে মোট ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ টাকা এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন। পরে তাঁদের বাঁশখালী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয় র্যাব। ওই মামলায় গত রোববার বাঁশখালী আদালতে তিন আইনজীবী জবানবন্দি দেন। পরে তাঁদের হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় র্যাব। এ মামলায় তিন আইনজীবী গতকাল আদালতে জবানবন্দি দেন।
তিন আসামির আইনজীবী কফিল উদ্দিন জানান, মক্কেলের কাছ থেকে টাকা নিয়ে তা শাকিলা ফেরত দিয়েছেন। শাকিলা নিজেই জামিন শুনানির সময় তা আদালতকে বলেছেন। সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন বলেই ব্যাংক হিসাবের মাধ্যমে মক্কেলের টাকা ফেরত দিছেন। এতে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।
তবে চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, তিন আইনজীবী জঙ্গি অর্থায়নের জন্য টাকাগুলো দিয়েছেন বলে র্যাবের কাছে তথ্য রয়েছে। আদালতে দেওয়া শাকিলার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, দোষ করে কেউ তা স্বীকার করে না। মক্কেলকে টাকাগুলো ফেরত দেননি শাকিলা। তিনি জঙ্গি মনিরুজ্জামানকে টাকা ফেরত দিয়েছেন। এতে বোঝা যায়, জঙ্গিদের সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে।
এদিকে হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অন্য একটি আদালতে তিনজনের জামিনের আবেদন করা হয়। আদালত তা নাকচ করে দেন। পরে গতকাল বিকেলে তিন আইনজীবীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।