আরেক মামলায় মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর
মানহানির অভিযোগে করা আরেক মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম জামিন পেয়েছেন। যশোরে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১০ মে।
এর আগে গত ১ মার্চ রংপুরে মানহানির মামলায় মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল রোববার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহজাহান আলীর আদালতে মানহানির মামলার শুনানি হয়। শুনানি শেষে মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করা হয়। এর আগে মাহ্ফুজ আনাম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানিতে মাহ্ফুজ আনামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান, আমিনুর রহমানসহ ২৫ আইনজীবী।
আইনজীবী ফরিদুল ইসলাম বলেন, আদালত ৫০০ টাকা বন্ড ও দুজনের জিম্মায় মাহ্ফুজ আনামের জামিন মঞ্জুর করেন।
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবীর গত ১৬ ফেব্রুয়ারি মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলাটি করেন।
লালমনিরহাটে মানববন্ধন: মাহ্ফুজ আনামের বিরুদ্ধে লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন হয়েছে। জেলার সাংবাদিক সমাজ ও লালমনিরহাট হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের আয়োজনে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকার জেলা প্রতিনিধিসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সাংবাদিকেরা অংশ নেন।
কর্মসূচিতে জ্যেষ্ঠ সাংবাদিক গোকুল চন্দ্র রায়, দ্য ডেইলি স্টার-এর এস দিলীপ রায়, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, দ্য ডেইলি ইনডিপেনডেন্ট-এর আবু হাসনাত রানা, ৭১ টিভির উত্তম রায়, বৈশাখী টিভির তৌহিদ লিটন, আরটিভির হাসান উল আজিজ, মাই টিভির মাহ্ফুজ সাজু, ইত্তেফাক-এর সুলতান হোসেন, বাংলা ট্রিবিউন ও বণিক বার্তার মোয়াজ্জেম হোসেন, বাংলা নিউজ ২৪ ডটকমের খোরশেদ আলম, দৈনিক সংগ্রাম-এর মো. লাভলু শেখ, প্রথম আলোর আবদুর রব সুজন প্রমুখ বক্তব্য দেন।