আরেক মামলায় মৃধাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে দুর্নীতির আরেকটি মামলায় কারাগারে আটক রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে শরীরচর্চা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৭ আগস্ট মৃধাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান। একই সঙ্গে কারাগারে আটক আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদেরও আবেদন করেন। গতকাল শুনানি শেষে বিচারক মৃধাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের শরীরচর্চা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক চট্টগ্রামের কোতোয়ালি থানায়। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।