আরেক শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ
ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শরিফুল ইসলাম নামের আরেক শিক্ষার্থীকে পিটিয়েছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ওই শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আহত শরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর শিক্ষার্থী। এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে শিবির সন্দেহে আবদুল হান্নান নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে তাঁর বাঁ পা ভেঙে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শাহ মখদুম হলের কয়েকজন শিক্ষার্থী জানান, শরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ২০৩ নম্বর কক্ষে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে গোলাম কিবরিয়া ১০-১২ জন বহিরাগত কর্মী নিয়ে শরিফুলের কক্ষে যান।
এ সময় তাঁরা শরিফুলের বিরুদ্ধে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে তাঁকে বেধড়ক মারধর করতে থাকেন। এ সময় শরিফুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করলে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন গোলাম কিবরিয়া। পরে হল প্রাধ্যক্ষ এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন।