চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আরেক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ ঘোষণা দেওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী জিগাংশু বড়ুয়া সাক্ষ্যে আদালতকে বলেন, ঘটনার এক দিন আগে থেকে তিনি ঘটনাস্থল নগরের পলিটেকনিক ইনস্টিটিউটে আসতেন না। এমনকি ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলে দীর্ঘ ছয় মাস তিনি ইনস্টিটিউটে আসেননি। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। পুলিশ কেন তাঁকে এই মামলার সাক্ষী করেছেন তিনি জানেন না। এই সাক্ষ্য দেওয়ার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাক্ষী জিগাংশুকে বৈরী ঘোষণা করতে আদালতে আবেদন জানিয়ে জেরার অনুমতি চান। আদালত সাক্ষীকে বৈরী ঘোষণা করে জেরার অনুমতি দেন। পরে সাক্ষীকে জেরা করেন পিপি আইয়ুব খান। এর আগে আবু তাহের নামের এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছিলেন আদালত। মামলায় বর্তমানে চারজনের সাক্ষ্যগ্রহণ হলেও দুজনকে বৈররী ঘোষণা করা হয়।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করা হয়।