আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে দুই দশক আগে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আরেক সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদার আদালতে এ জেরা করা হয়।
আদালত সূত্র জানায়, গতকাল জেরা করা হয় মামলার সাক্ষী পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনকে। জেরাকালে তিনি আদালতকে জানান, নগরের কোতোয়ালি থানায় কর্মরত থাকাকালে মামলাটি তিনি রেকর্ড করেছেন। ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এই মামলার আসামি আ জ ম নাছির উদ্দিন গত ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন। মামলার অন্য আসামিদের মধ্যে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও রয়েছেন। মেয়র নাছির গতকাল আদালতে হাজির থাকলেও সাংসদ নিজাম হাজারী উপস্থিত ছিলেন না।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তৎকালীন নগর ছাত্রলীগের নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৯৯৪ সালে এই মামলায় আসামিরা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নেন। ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার হয়।
এ মামলায় ১ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিন নেন নাছির। ৬ এপ্রিল মামলার বাদীকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালতে পাঁচ সাক্ষীকে ইতিমধ্যে জেরা করা হয়েছে। বাদীর দাবি, তৎকালীন বিএনপি সরকারের চাপে মামলাটি দায়ের করেছিলেন তিনি।
নাছিরের আইনজীবী চন্দন বিশ্বাস বলেন, জেরাকালে সাক্ষী জাহিদ হোসেন আদালতকে জানিয়েছেন, তিনি শুধু দায়িত্বরত কর্মকর্তা হিসেবে মামলাটি রেকর্ড করেছেন। ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।
নিজাম হাজারীর আইনজীবী অনুপম চক্রবর্তী জানান, নিজাম হাজারী আদালতে হাজির থাকতে না পারায় তাঁর পক্ষে হাজিরা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম জানান, আট সাক্ষীর মধ্যে দুজনের জেরা বাকি আছে। চিকিৎসক দিলীপ চক্রবর্তী ও পুলিশ কর্মকর্তা বি এম কামাল পাশাকে হাজির করতে সমন জারি করেছেন আদালত। তাঁরা হাজির হলে আজ মঙ্গলবার জেরা করা হবে।