আরেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সাক্ষীকে আসামিপক্ষের জেরার ধার্য দিনে আসামিপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবীর অনুপস্থিত থাকার কারণে এ নিয়ে এই মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করলেন ট্রাইব্যুনাল।
গতকাল ছিল এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী বাবলু কুমার মিস্ত্রিকে আসামিপক্ষের জেরার ধার্য দিন। তিনি গত সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। গতকাল আসামির কাঠগড়ায় ইউসুফের উপস্থিতিতে কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ‘অনিবার্য কারণে’ আসতে পারেননি। এ কারণে তিনি মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান। এ সময় আসামিপক্ষের আইনজীবীর ওপর অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন, ‘এত মানুষ আসছেন, আসামি ও তাঁর স্বজনেরা আসছেন, সাক্ষীরা এত দূর থেকে আসছেন, তাতে সমস্যা হচ্ছে না। আমরা আসছি সমস্যা হচ্ছে না, কেবল একজন মানুষের আসতে সমস্যা হবে কেন?’ এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের ওই আবেদন খারিজ করে ১৪তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বন্ধ করেন এবং এই মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন।
গত শনিবার থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। রোববার থেকে গতকাল পর্যন্ত টানা তিন কার্যদিবস ইউসুফের বিরুদ্ধে মামলার কার্যক্রম চললেও তিন দিনই ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন সৈয়দ মিজানুর রহমান। এ কারণে সোমবার রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী সুধাংশু মণ্ডলের জেরা বন্ধ করে ১৪তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। এর আগের সপ্তাহে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শেখ আবজাল হোসেনকে জেরার ধার্য দিনে সৈয়দ মিজানুরের অনুপস্থিতির কারণে তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করে ১৩তম সাক্ষীর জবানবন্দি নেন ট্রাইব্যুনাল। সেদিনও অবরোধ কর্মসূচি ছিল।