আরেক ‘জজ মিয়ার’ গল্প শুনুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে নোয়াখালীর সেনবাগের জজ মিয়া নিস্তার পেলেও জয়পুরহাটের ‘জজ মিয়া’ হযরত আলীর নিস্তার মেলেনি কালাইয়ের পীরের খানকার পাঁচ খুন মামলা থেকে। ক্ষেতলাল উপজেলার রোয়াইর দীঘিপাড়ার দরিদ্র ভ্যানচালক হযরত আলী সমপ্রতি প্রথম আলোর কাছে রিমান্ড ও স্বীকারোক্তি দেওয়ার রোমহর্ষক বর্ণনা দেন। ‘রিমান্ডে নিয়ে দুই হাত পেছন দিকে বেঁধে টেবিলে ওপর উপুড় করে ফেলে পেটানো হতো পায়ের তালুতে, হাঁটুতে। কখনো কাপড় দিয়ে চোখ বেঁধে, আবার কখনো দুই হাত বেঁধে রডের সঙ্গে ঝুলিয়ে বেদম মারা হতো। বলতাম, স্যার, আমি কিছু জানি না, কীভাবে বলব কে জবাই করেছে। ওনারা বলেন, তোর কিছু জানতে হবে না, তুই আদালতে গিয়ে বলবি যে আওয়ামী লীগের নেতা এমদাদ, সোলেমান, তোতা, বাচ্চুসহ তোরা আরও কয়েকজন মিলে বেগুনগ্রাম পীরের আস্তানায় পাঁচজনকে খুন করেছিস। টাকা-পয়সা লুট করতে এটা করেছিস। আমি রাজি হই না। তখন প্লাস দিয়ে পেটের চামড়া ও হাতের আঙুল টেনে ধরত। একবার তো প্লাস দিয়ে টেনে পয়ের নখ তুলে নিচ্ছিল। নাকের মধ্যে গরম পানি, পায়খানার রাস্তায় সেদ্ধ ডিম, সেই কষ্ট তো বলে বোঝানো যাবে না।’বলে যান হযরত আলী—‘সারা রাত ধরে এভাবে তিন-চারজন মিলে মারধর করত। সকালে বলত জবানবন্দির কাগজে সই দে। চার দিনের রিমান্ড শেষ হলে আদালতে নেওয়া হয়। এরপর আবার চার দিনের রিমান্ডে নিয়ে যায়। আবার সেই নির্যাতন। যন্ত্রণায় কত ছটফট করেছি। এক রাতে শহীদুল্লাহ স্যার বলেন, যেভাবে বলি সেভাবে জবানবন্দি দিবি কি না বল? না হলে গুলি করে লাশ ফেলে দিয়ে আসব। বউ-বাচ্চাদের কথা মনে পড়ে। আমি রাজি হই। শহীদুল্লাহ স্যার বলেন, আদালতে গিয়ে উল্টোপাল্টা বললে আবার রিমান্ডে আনব। এরপর আদালতে ম্যাজিস্ট্রেটের রুমে নিয়ে যায়। ম্যাজিস্ট্রেট স্যার কিছুই জিজ্ঞাসা করেননি। শহীদুল্লাহ স্যার একটি কাগজ দিলেন, আমি সেটাতে সই করে দিই।’সিআইডির তৎকালীন পরিদর্শক মো. শহীদুল্লাহ এখন দিনাজপুরের কাহারোল থানার ওসি। তিনি প্রথম আলোর কাছে নির্যাতনের মাধ্যমে জবানবন্দি আদায়ের কথা অস্বীকার করে বলেন, হযরত আলীর দেওয়া তথ্য মোতাবেক তখন লুট হওয়া একটি ফ্যান উদ্ধার করা হয়, যেটি পরে মামলার বাদী শনাক্তও করেছে। তাঁর দাবি, অনেক সময় আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করেও পরে বাঁচার জন্য এমন কথা উল্টাপাল্টা কথা বলে থাকে।হযরত আলী বলেন, ‘রিমান্ডে নির্যাতনের একপর্যায়ে শহীদুল্লাহ স্যার আমাকে বলেন, তোর পরিচিত কে আছে, যার ঘরে সিলিং ফ্যান আছে? তখন আমি দর্জি শ্রমিক নূর হোসেনের কথা বলি। তাঁর স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো, তাই তাঁর নাম বলি। এরপর পুলিশ গিয়ে নূর হোসেনের ঘরের সিলিং ফ্যানটি খুলে নিয়ে আসে।’নূর হোসেন বলেন, এ ফ্যানটি বিয়ের সময় তাঁর শ্বশুর কিনে দিয়েছিলেন। পুলিশ বলে এটা পীরের খানকা থেকে লুট হওয়া ফ্যান।হযরত আলী জানান, ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি বাড়ি ফেরার পথে জয়পুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায় সিআইডি। ৪৪ মাস পর গত বছর ১৪ অক্টোবর জামিনে ছাড়া পান। এর মধ্যে মামলার খরচ চালাতে গিয়ে তাঁর স্ত্রী বসতবাড়ি বিক্রি করে, ধারদেনা করে একেবারে নিঃস্ব। হযরত আলীর স্ত্রী সাহিদা বেগম বলেন, ‘মামলা চলাবার য্যায়া একেবারে সব হারাইয়াছি। রক্ত বেচেও সোয়ামির মামলা চলাওচি।’ হযরত আলী এখন রোয়াইরদীঘি পাড়ায় সরকারি খাসজমিতে একটি কুঁড়েঘর তুলে স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে আছেন। ভ্যান কেনার সংগতি নেই। নিজে অন্যের বাড়িতে দিনমজুর ও স্ত্রী ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন।